সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ভেঙে বাইরে যাওয়ার দায়ে যুক্তরাজ্য ফেরত ছয় প্রবাসীকে জরিমানা করা হয়েছে। সেই সাথে দায়িত্বে অবহেলার অভিযোগে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
রোববার সকালে নগরীর ব্রিটানিয়া আবাসিক হোটেল থেকে নিরাপত্তা কর্মী ও পুলিশ সদস্যদের চোখ এড়িয়ে বাইরে চলে যান জকিগঞ্জের এক প্রবাসী পরিবারের নয় সদস্য। পরে হোটেল কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করলে রাত সাড়ে সাতটার দিকে পুনরায় হোটেলে ফিরে আসে তারা।
হোটেল কর্তৃপক্ষ জানায়, তাদের না জানিয়ে জকিগঞ্জে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রবাসীরা। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে ছয় জনকে জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়েছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, এই প্রবাসীরা গত ১৮ মার্চ যুক্তরাজ্য থেকে সিলেটে এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকেন। আগামী ২৬ মার্চ তাদের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ার কথা।
সূত্র : বাংলাদেশ জার্নাল